ঢাবিতে তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে নতুন উদ্যোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার বিষয়ে গঠিত কমিটির ধারণাপত্র উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) আবদুস সালামের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সংক্রান্ত কমিটির আহ্বায়ক আধুনিক ভাষা ইনস্টিটিউটের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. আ ক ম ওয়ালিউল ইসলামের নেতৃত্বে কমিটির একটি প্রতিনিধিদল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এই ধারণাপত্র হস্তান্তর করেন।
ধারণাপত্রে দেশের বিভিন্ন ইনস্টিটিউটে তৃতীয় ভাষায় দক্ষ ও মানসম্মত শিক্ষক নিয়োগ, বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আয় ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সুপারিশমালা করা হয়েছে।
এই ধারণাপত্র পর্যালোচনা ও কর্ম-পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর বিকেল ৪টায় অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সেমিনার হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদেদ্দী আলফেছানী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আরটি/এমআইএইচএস/

