এবার দক্ষিণ কোরিয়ার সামনে বাংলাদেশের মেয়েরা
এশিয়ান গেমস নারী ফুটবলে আরেকটি কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা। বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।
এবারের এশিয়ান গেমসের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য হয়েছে দুঃস্বপ্নের মতো। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে এটিই বাংলাদেশের নারী দলের সবচেয়ে বড় ব্যবধানে হার। সেই ম্যাচে প্রথমার্ধেই ৭ গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ নিয়ে ম্যাচের আগে থেকেই ছিল আলোচনা। দলের অন্যতম দুই অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাসহ সিনিয়র ছয় ফুটবলারকে একাদশের বাইরে রেখে মাঠে নামেন কোচ পিটার বাটলার।
কোচের এই সিদ্ধান্ত অনেককেই অবাক করেছিল। ম্যাচের শুরু থেকেই অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের খেলায়। রক্ষণ সামলাতে হিমশিম খাওয়া দলটি প্রথম ৪৫ মিনিটেই সাতবার বল জালে জড়াতে দেখে।
এবার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। এশিয়ার নারী ফুটবলের অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে বাংলাদেশের জন্য কাজটা আরও কঠিন। তবে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় হারের পর দ্রুত ঘুরে দাঁড়ানোই এখন বাটলারের দলের প্রধান চ্যালেঞ্জ।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ কি আবারও তরুণদের ওপর আস্থা রাখবে? নাকি অভিজ্ঞ ঋতুপর্ণা, মনিকা চাকমাদের ফিরিয়ে এনে শক্তিশালী একাদশ সাজাবে; সেদিকেই থাকবে সবার নজর।
১০ গোলের ধাক্কা ভুলে এবার অন্তত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেওয়াই বাংলাদেশের লক্ষ্য। বৃহস্পতিবারের ম্যাচে সেটিই হবে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় পরীক্ষা।
আরআই/এমএমআর

