পাবনায় ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত, গুলির চেষ্টা
পাবনার ঈশ্বরদীতে মহির মন্ডল নামের এক ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত করা হয়েছে। এসময় তাকে লক্ষ্য করে গুলির চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড়ে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত মহির মন্ডল ভাড়ইমারী এলাকার মৃত নায়েব আলী মন্ডলের ছেলে। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক। অভিযুক্ত রিপন সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার সিদ্দিক মুন্সির ছেলে।
আহত মহির মন্ডল জানান, সকালে ইউপি সদস্য আক্তারুল ইসলামকে সঙ্গে নিয়ে তিনি পাঠশালা মোড় এলাকায় যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে রিপন নামের ওই যুবক তার ওপর হামলা করেন। এসময় অভিযুক্ত রিপন ধারালো অস্ত্রে দিয়ে মহির মন্ডলকে কুপিয়ে জখম করেন। পরে রিপনের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে মহির মন্ডলকে লক্ষ্য করে গুলিবর্ষণের চেষ্টা করলে তিনি দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, আহত মহির মন্ডল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনাস্থলে থানা পুলিশ অবস্থান করছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেখ মহসীন/এসআর/এএসএম


