২৮ আঙুল নিয়ে জন্ম নিলো শিশু
দিনাজপুরের ফুলবাড়ীতে দুই হাত-পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে জন্ম নিয়েছে এক শিশু। শিশুটির ঠোঁট কাটা রয়েছে। ১৩ সেপ্টেম্বর উপজেলার মালিপাড়া গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম ও লিজা বেগম দম্পতির প্রথম সন্তান হিসেবে স্থানীয় একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুটি বর্তমানে তার বাবা-মায়ের বাড়িতে রয়েছে। জন্মের খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে স্থানীয় লোকজন ভিড় করছেন। এ ধরনের শিশুর জন্ম এর আগে এলাকায় দেখেননি বলে জানান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, ‘সাধারণত একটি শিশুর হাত-পায়ে মোট ২০টি আঙুল থাকে। কিন্তু এই শিশুটির মোট ২৮টি আঙুল। শিশুটি বর্তমানে সুস্থ আছে। তবে তার ঠোঁটে সামান্য কাটা রয়েছে। এটি আল্লাহ তাআলার নিদর্শন ও সৃষ্টি। এ সৃষ্টিতে কারও হাত নেই। শিশুটির পরিবারও এ নিয়ে সন্তুষ্ট রয়েছে।’
শিশুটির মা লিজা বেগম বলেন, আল্লাহ যেভাবে দিয়েছেন তাতেই আমি খুশি, সন্তান সুস্থ আছে এটাই আমার কাছে বড় পাওয়া।
শিশুটির বাবা আরিফুল ইসলাম বলেন, ‘আমার একটি মেয়েসন্তান হয়েছে। সাধারণত বাচ্চাদের ২০টি আঙুল থাকে, কিন্তু আমার মেয়ের ২৮টি আঙুল হয়েছে। তারপরও আমরা সন্তুষ্ট। এ নিয়ে আমাদের কোনো মন খারাপ নেই।’
ফুলবাড়ী উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, আমরা শিশুটির সম্পর্কে জেনেছি, মা ও শিশু সুস্থ আছে। ২৮টি আঙুল নিয়ে জন্ম নেওয়া চিন্তার কোনো বিষয় নয়, চিকিৎসা ব্যবস্থা রয়েছে, তারা এখনো আমাদের কাছে আসেনি। আমাদের কাছে এলে আমরা সঠিক পরামর্শ প্রদান করব।
এমদাদুল হক মিলন/এফএ

