ভূমি অফিসে উপস্থিতি নিশ্চিতে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ, উদ্বোধন বৃহস্পতিবার
মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো এবং কর্মঘণ্টার সঠিক ব্যবহার নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপ। জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর এ অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বৃহস্পতিবার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
‘ভূমিদৃষ্টি’ অ্যাপটি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন গড়ে তুলতে সহায়তা করবে। অ্যাপটির মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে। এতে ভূমি অফিসের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের সেবা প্রাপ্তি সহজ হবে বলে আশা করছে ভূমি মন্ত্রণালয়।
ভূমি মন্ত্রণালয় আরও জানিয়েছে, জিওফেন্সিং প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে কর্মস্থলের নির্ধারিত ভৌগোলিক অবস্থান বা জিপিএসের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি মনিটরিং করা হবে। প্রতিটি ভূমি অফিসের জন্য নির্দিষ্ট ভার্চুয়াল বা ভৌগোলিক সীমানা নির্ধারণ করা থাকবে। ওই সীমানার ভেতরে অবস্থান করলেই কেবল মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা বা ‘চেক ইন’ দেওয়া যাবে। সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।
অ্যাপে হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে তথ্য আপডেট হয়ে যাবে। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে যে কোনো অফিসের উপস্থিতির চিত্র দেখতে পারবেন।
কোনো কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার চেষ্টা করলে অথবা ভুয়া লোকেশন ব্যবহারের চেষ্টা করলে ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয় সতর্কবার্তা বা ‘অ্যালার্ট’ পাঠাবে অ্যাপটি।
এছাড়া সরকারি কাজ বা তদন্তের প্রয়োজনে কর্মস্থলের বাইরে গেলে ‘সাইট ভিজিট’ ফিচারের মাধ্যমে বাইরে যাওয়ার কারণ উল্লেখ করা যাবে। একইভাবে অ্যাপ থেকেই ছুটির আবেদন করা এবং ছুটির হিসাব রাখার সুবিধাও থাকবে।
বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম এই ছয় জেলায় অ্যাপটির পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। এসব জেলার ৬১০টি কার্যালয়ের মোট ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিক কভারেজের আওতায় আনা হয়েছে।
পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ সম্প্রসারণ করা হবে।
অ্যাপটি চালুর ক্ষেত্রে কারিগরি সহযোগিতায় রয়েছে পারাল্যাক্সলজিক ইনফোটেক বা পিএলএক্স।
এর আগে গত ১৯ মে তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি সেবা মেলায়’ ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সর্বপ্রথম প্রধানমন্ত্রী সমীপে উপস্থিতি তদারকিতে প্রযুক্তিনির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালুর প্রস্তাব উপস্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দাপ্তরিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হচ্ছে বলে ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএমএম/ইএ


