স্নাতকদের সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ চালু বিএসআইএ-সিসিপির

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক সম্পন্ন করা তরুণদের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য দক্ষ করে গড়ে তুলতে তিন মাসব্যাপী সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ কোর্স চালু করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। প্রথম ব্যাচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫ জন গ্র্যাজুয়েট এ প্রশ...

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক সম্পন্ন করা তরুণদের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য দক্ষ করে গড়ে তুলতে তিন মাসব্যাপী সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ কোর্স চালু করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। প্রথম ব্যাচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫ জন গ্র্যাজুয়েট এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) বনানী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করা হয়।

বিএসআইএ জানায়, স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য তরুণ গ্র্যাজুয়েটদের সেমিকন্ডাক্টর টেস্টিং বিষয়ে শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্ঞান ও ব্যবহারিক দক্ষতায় সমৃদ্ধ করা। এ প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ এবং সেমিকন্ডাক্টর শিল্পে ক্যারিয়ার গড়ার জন্য তরুণদের প্রস্তুত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআইএর সভাপতি এম এ জব্বার। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং নিয়মিত নতুন বিষয় শেখার আহ্বান জানান।

এম এ জব্বার বলেন, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্প কীভাবে বিকশিত হচ্ছে, সে বিষয়ে জানতে হবে। নিজেদের দক্ষতা বাড়াতে কঠোর পরিশ্রম করতে হবে। যথাযথ দক্ষতা ও নিষ্ঠা থাকলে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও এ খাতে সুযোগ তৈরি করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসআইসিআইপির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ফান্ড ম্যানেজমেন্ট) ও যুগ্মসচিব মাইনুল হাসান। তিনি বলেন, বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর শিল্প সম্প্রসারিত হচ্ছে এবং এ খাতে কর্মসংস্থান ও ক্যারিয়ার গড়ার সুযোগ বাড়ছে।

তিনি আরও বলেন, এসআইসিআইপির আওতায় তরুণদের দক্ষতা উন্নয়নে সরকার অর্থ বিনিয়োগ করছে। তাই এ সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে সফল ক্যারিয়ারের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসআইসিআইপির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) ও উপসচিব মোহাম্মদ আফজাল হোসাইন, বিএসআইএর পরিচালক ও আইটেস্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনির আহমেদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসান উজ জামান।

শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএসআইএ-এসআইসিআইপি পিআইইউর প্রধান সমন্বয়ক রাশিদুল হাসান। তিনি প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

প্রশিক্ষণার্থীদের পক্ষে শ্রাবণী পাল দীপি ও কামরুল আহসান কোর্সটি নিয়ে তাদের প্রত্যাশার কথা জানান। তারা সেমিকন্ডাক্টর টেস্টিং বিষয়ে ব্যবহারিক ও শিল্পখাতভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিএসআইএর আওতায় সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ কোর্স পরিচালনার জন্য বিএসআইএ ও আইটেস্ট বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন বিএসআইএর সভাপতি এম এ জব্বার এবং আইটেস্ট বাংলাদেশের পরিচালক মুনির আহমেদ।

এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিএসআইএর সদস্য ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ ল্যাব পরিদর্শন করেন এবং সেখানে স্থাপিত যন্ত্রপাতি ও প্রশিক্ষণ সুবিধা সম্পর্কে ধারণা নেন।

বিএসআইএ জানায়, এসআইসিআইপি কর্মসূচির আওতায় আগামী দুই বছরে সেমিকন্ডাক্টর প্রযুক্তির সাতটি বিশেষায়িত বিষয়ে মোট সাড়ে তিন হাজার তরুণ বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতায় সমৃদ্ধ করে তাদের দেশ ও বিদেশের কর্মসংস্থানের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

ইএইচটি/এমএএইচ/

Original Source
https://www.jagonews24.com/economy/news/1157875
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World