ঢাকায় শিশু গৃহকর্মী নির্যাতনে বিলসের নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
রাজধানীর কাফরুলে ১১ বছর বয়সী শিশু গৃহকর্মীর ওপর দীর্ঘদিন ধরে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশন ২০২৪-এর প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ নির্যাতনের ঘটনায় দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিবৃতিতে সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, শিশুটির ওপর নির্যাতনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়হীনতা অত্যন্ত দুঃখজনক। অপরাধের ঘটনা ঢাকায় হলেও শিশুটি বর্তমানে খাগড়াছড়িতে চিকিৎসাধীন। এ কারণে ঢাকা ও খাগড়াছড়িতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ ও উদ্যোগ নেওয়া উচিত।
এ ধরনের ঘটনায় মামলা গ্রহণে বিলম্ব কোনোভাবেই কাম্য নয় বলেও উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, গৃহকর্মীদের ওপর দিনের পর দিন নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে সুষ্ঠু বিচার ও জবাবদিহি নিশ্চিত না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। বিশেষ করে শিশু গৃহকর্মীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে।
এসব ঘটনা প্রতিরোধে দ্রুত বিচার, কার্যকর নজরদারি এবং গৃহকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
তিনি নির্যাতনের শিকার শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহত শিশুটির ক্ষতিপূরণ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তিনি।
ইএইচটি/এমকেআর

