পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল ও বিজেপির প্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং ক্ষমতাসীন বিজেপি। নন্দীগ্রাম আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন সঞ্চিতা প্রধান দে। অন্যদিকে রেজিনগর আসনে দলটির প্রার্থী করা হয়েছে রবিউল আলম চৌধুরীকে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস।
নন্দীগ্রামে প্রার্থী হওয়া সঞ্চিতা প্রধান দে রাজনীতিতে একেবারেই নতুন মুখ। তাকে প্রার্থী করার মধ্য দিয়ে নন্দীগ্রাম আসনে চমক দেখাল তৃণমূল।
নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী কে হবেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। এমনকি মমতা ব্যানার্জী নিজেই এই আসনে প্রার্থী হতে পারেন—এমন আলোচনাও ছিল।
মমতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরের নেতা-নেত্রীরাও জানিয়েছিলেন, মমতা নন্দীগ্রামে প্রার্থী হলে তার বিপরীতে প্রার্থী না দেওয়ার বিষয়টি তারা বিবেচনা করবেন।
তবে শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে সঞ্চিতা প্রধান দেকে প্রার্থী করেছে তৃণমূল। ফলে নন্দীগ্রামে দলটি এবার একেবারেই নতুন মুখের ওপর ভরসা রাখল।
রেজিনগরে তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরী। তিনি এই আসনের সাবেক বিধায়ক।
২০২৬ সালের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রবিউল আলম চৌধুরীকে রেজিনগর থেকে সরিয়ে বেলডাঙা আসনে প্রার্থী করা হয়েছিল। তবে আসন পরিবর্তনের পর তিনি নির্বাচনে পরাজিত হন।
এবার আবারও তাকে রেজিনগরে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস।
দুই আসনে বিজেপির প্রার্থীও ঘোষণা
তৃণমূলের পাশাপাশি নন্দীগ্রাম ও রেজিনগর—দুই আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।
নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হয়েছেন হাসিরানি রথ। তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত নিহত চন্দ্রনাথ রথের মা।
রেজিনগরে বিজেপির প্রার্থী শাভরত সরকার।
দুই আসনেই তৃণমূল ও বিজেপির মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল ও প্রার্থীরাও নির্বাচনী মাঠে থাকছেন।
আসনগুলোতে জাতীয় কংগ্রেস ও বামপন্থি দলগুলোর পক্ষ থেকেও প্রার্থী ঘোষণা করা হয়েছে।
৬ অক্টোবর উপনির্বাচন
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর—এই দুটি বিধানসভা আসনেই আগামী ৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হওয়ার কথা রয়েছে।
পশ্চিমবঙ্গের দুটি আসনের পাশাপাশি তামিলনাড়ুর দুটি বিধানসভা আসন, পুদুচেরির একটি বিধানসভা আসন এবং আসামের একটি লোকসভা আসনেও একই দিনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।
ডিডি/কেএএ/
