কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন প্রভা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
অভিনয়ের ব্যস্ততা থেকে খানিকটা দূরে, প্রকৃতির সান্নিধ্যে নিজের মতো করে সময় কাটাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাহাড়, লেক আর নৌকার মায়াবী পরিবেশে রাঙামাটিতে ঘোরাঘুরির কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ...

অভিনয়ের ব্যস্ততা থেকে খানিকটা দূরে, প্রকৃতির সান্নিধ্যে নিজের মতো করে সময় কাটাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাহাড়, লেক আর নৌকার মায়াবী পরিবেশে রাঙামাটিতে ঘোরাঘুরির কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাঙামাটি ভ্রমণের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিগুলোতে কখনো তাকে দেখা গেছে পাহাড়ি প্রকৃতির মাঝে, কখনো নৌকায়, আবার কখনো কাপ্তাই লেকের নীল জলের সৌন্দর্য উপভোগ করতে। ছবিগুলো প্রকাশের পাশাপাশি নিজের অনুভূতির কথাও জানিয়েছেন অভিনেত্রী।

ছবির সঙ্গে প্রভা লিখেছেন, ‘পাহাড়, লেক, একটি সুন্দর নৌকা, আমাদের খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। রাঙামাটি ছিল ভীষণ সুন্দর।’

প্রকৃতির এমন মায়াবী পরিবেশে প্রভার হারিয়ে যাওয়ার অনুভূতি মনে করিয়ে দেয় বহুল পরিচিত গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো’-এর কথা। পাহাড়, লেক ও সাম্পান ঘেরা রাঙামাটির যে সৌন্দর্য গানের কথায় ফুটে উঠেছে, প্রভার প্রকাশ করা ছবিতেও যেন সেই দৃশ্যেরই বাস্তব প্রতিচ্ছবি দেখা গেছে।

রাঙামাটির অন্যতম আকর্ষণ কাপ্তাই লেক। বিশাল এই জলরাশির চারপাশে সবুজ পাহাড় আর নীল আকাশের মেলবন্ধন পর্যটকদের বরাবরই টানে। নৌকায় লেক ভ্রমণের সময় প্রকৃতির এমন মনোরম দৃশ্য উপভোগ করেছেন প্রভাও।

প্রকাশিত ছবিগুলোতে তার স্বচ্ছন্দ উপস্থিতি এবং প্রকৃতির প্রতি মুগ্ধতা নজর কেড়েছে ভক্তদের। অভিনয়ের ব্যস্ততার বাইরে এমন ভ্রমণ যে তাকে বেশ প্রশান্তি দিয়েছে, তার লেখাতেও মিলেছে সেই ইঙ্গিত।

‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো’ গানটি গেয়েছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলাউদ্দিন আলী। রাঙামাটির প্রকৃতি ও মানুষের জীবনযাপনের সৌন্দর্যকে কেন্দ্র করে গানটি দীর্ঘদিন ধরেই শ্রোতাদের কাছে জনপ্রিয়।

পাহাড়ের সবুজ, লেকের নীল জল আর নৌকার দুলুনিতে প্রভার রাঙামাটি ভ্রমণের ছবিগুলোতেও যেন সেই চেনা রাঙামাটির সৌন্দর্য নতুন করে ধরা দিয়েছে।

 

এলআইএ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1157883
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World