ডিজিটাল টিকিটিংয়ে বদলাতে পারে গণপরিবহন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ডিজিটাল টিকিটিংয়ের মাধ্যমে গণপরিবহনে ভাড়া আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি যাত্রী চলাচলের তথ্য কাজে লাগিয়ে রুট পরিকল্পনা ও সেবার মান উন্নয়ন সম্ভব বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। তবে এ জন্য প্রযুক্তির পাশাপাশি সমন্বিত নীতি ও নিরাপদ লেনদেন ব্যবস্থা প্রয়োজন বলে মনে করেন তারা...

ডিজিটাল টিকিটিংয়ের মাধ্যমে গণপরিবহনে ভাড়া আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি যাত্রী চলাচলের তথ্য কাজে লাগিয়ে রুট পরিকল্পনা ও সেবার মান উন্নয়ন সম্ভব বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। তবে এ জন্য প্রযুক্তির পাশাপাশি সমন্বিত নীতি ও নিরাপদ লেনদেন ব্যবস্থা প্রয়োজন বলে মনে করেন তারা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে নীতি সংলাপ প্ল্যাটফর্ম বেঞ্চমার্ক ডায়ালগ আয়োজিত ‘ডিজিটাল টিকিটিং টু ট্রান্সফর্ম লাইভস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সহজ-এর সহযোগিতায় আয়োজিত এ বৈঠক সঞ্চালনা করেন বেঞ্চমার্ক ডায়ালগের চেয়ারম্যান আশরাফ কায়সার।

শ্যামলী পরিবহনের পরিচালক রজত ঘোষ বলেন, পরিবহন খাত দীর্ঘদিন ধরে অনেকটা এলোমেলোভাবে পরিচালিত হয়ে আসছে। টিকিটিং ব্যবস্থা শতভাগ ডিজিটালাইজেশনের মাধ্যমে এতে শৃঙ্খলা আনা সম্ভব।

তিনি বলেন, উৎসবের সময় অনলাইনে টিকিটের চাহিদা বাড়লেও স্বাভাবিক সময়ে অনেক যাত্রী কাউন্টারে গিয়ে টিকিট কাটেন। টার্মিনালভিত্তিক ব্যবস্থা চালু করা গেলে টিকিটিং ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল করা সহজ হবে।

এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক বলেন, অনলাইন টিকিটিংয়ে যাওয়ার ক্ষেত্রে নীতিগতভাবে বড় কোনো বাধা থাকার কথা নয়। পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে পুরো ব্যবস্থাকে অনলাইনভিত্তিক করা প্রয়োজন।

তিনি বলেন, কাউন্টারে টিকিটের দাম নিয়ে দরকষাকষির সুযোগ থাকায় অনেক যাত্রী অনলাইনে যেতে আগ্রহী হন না। নগদ অর্থের চলাচল ও লেনদেন ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার শুকদেব ঢালী বলেন, বিআরটিসির টিকিটিং ব্যবস্থা ডিজিটাল করার কাজ চলছে। পিংক বাসে পুরোপুরি অনলাইন টিকিটিং চালু হয়েছে। ডিজিটাল ব্যবস্থায় যাত্রী নির্দিষ্ট অর্থ পরিশোধ করলে তা সরকারি কোষাগারে যাওয়ার বিষয়ে আস্থা তৈরি করা সম্ভব। এতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বলেন, শুধু তথ্য সংগ্রহ করলেই হবে না, সেই তথ্য বিশ্লেষণ করে কাজে লাগাতে হবে। কোন রুটে কখন যাত্রীর চাপ বাড়ছে, কোন সময়ে যাত্রীর সংখ্যা বেশি- এসব তথ্য ডিজিটাল টিকিটিং থেকে পাওয়া সম্ভব। এসব তথ্য কাজে লাগিয়ে প্রয়োজন অনুযায়ী পরিবহন পরিকল্পনা করা যাবে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেও ডিজিটাল তথ্য ব্যবহার করা সম্ভব।

ক্যাব সভাপতি এএইচএম শফিকুজ্জামান বলেন, ডিজিটাল ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা জরুরি। টিকিটিং ব্যবস্থাকে যতটা সম্ভব স্বয়ংক্রিয় করার পাশাপাশি যাত্রীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডিজিটালাইজেশন দুর্নীতি কমানো ও জবাবদিহি বাড়াতে ভূমিকা রাখতে পারে।

যাত্রী কল্যাণ সমিতির সভাপতি শরীফ রফিকুজ্জামান বলেন, ডিজিটাল টিকিটিংয়ের পাশাপাশি যাত্রীদের বীমা সুবিধা নিশ্চিত করা দরকার। বাড়তি ভাড়া আদায় বন্ধ করে ন্যায্য সেবা নিশ্চিত করতে হবে।

আলোচনায় সহজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) মো. আমিনুল হক ও পরিচালক (টিকিট) শাকিল জোয়াদ রহিমসহ সরকারি প্রতিষ্ঠান, পরিবহন মালিক, প্রযুক্তি ও আর্থিক সেবা খাত এবং যাত্রী কল্যাণ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

ইএইচটি/এমএএইচ/

Original Source
https://www.jagonews24.com/national/news/1157881
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World