পুরোনো পার্টসের চালানে মিললো ১৯ ইঞ্জিন, ২ গাড়ি
জাপান থেকে পুরোনো মোটর পার্টস ও ইঞ্জিন ঘোষণায় আমদানি করা একটি পণ্যচালান পরীক্ষণে ১৯টি পুরোনো ইঞ্জিন, বিভিন্ন ধরনের পুরোনো পার্টস এবং দুটি গাড়ি পৃথক অবস্থায় পাওয়া গেছে। এতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই জাপান থেকে আমদানি করা পুরোনো মোটর পার্টস ও ইঞ্জিন ঘোষণার পণ্যচালানটি গত ১ সেপ্টেম্বর শুল্ক গোয়েন্দা ও কাস্টমস হাউস, আইসিডি লক করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর পণ্যচালানটি ‘ফোর্স কিপ ডাউন’ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। এরপর দুই দিনব্যাপী পরীক্ষণ শেষে চালানটিতে মোট ১৯টি পুরোনো ইঞ্জিন, বিভিন্ন ধরনের পুরোনো পার্টস এবং দুটি গাড়ি পৃথক অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় পরীক্ষণ প্রতিবেদন তৈরির পাশাপাশি পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পণ্যচালানটিতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে এনবিআর।
এসএম/এমআইএইচএস

