সরকারি খরচে ৩০৬ জন প্রতিভাবান ক্রীড়াবিদ প্রশিক্ষণ পাবে বিকেএসপিতে
তৃণমূলের ৩০৬ জন প্রতিভাবানকে বিকেএসপিতে পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
বুধবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনকালে তৃণমূল থেকে উঠে আসা উদীয়মান ক্রীড়াবিদদের ভবিষ্যতের দায়-দায়িত্ব সরকার বহন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
দেশজুড়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া এক লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরীর মধ্য থেকে নির্বাচিত ৩০৬ জন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে দুই মাসের নিবিড় প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। প্রশিক্ষণ শেষে সর্বোচ্চ সক্ষমতা দেখানো অ্যাথলেটদের পড়াশোনা ও খেলাধুলার সার্বিক খরচ বহনের মধ্য দিয়ে আগামী দিনের জাতীয় মানের অ্যাথলেট তৈরির মহাপরিকল্পনা তুলে ধরেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, খেলাধুলাকে কেবল সাময়িক বিনোদন বা স্বল্পসময়ের মাঠের অনুশীলনে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মকে নিয়ে একটি সমৃদ্ধ ও পেশাদার ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ভাবনার আলোকে এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের এই বিশাল মহাযজ্ঞ বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালুর মাধ্যমে খেলাধুলাকে রাষ্ট্রীয় ও পেশাগত স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়াকে আরও বেগবান করা হয়েছে।
বর্তমানে দেশের তরুণ ও কিশোর সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড, মাদকের ভয়াল থাবা এবং অতিরিক্ত ডিভাইস-আসক্তি থেকে দূরে সরিয়ে একটি সুস্থ ও দেশপ্রেমিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে খেলাধুলার ভূমিকাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আরআই/আইএইচএস/


