ইরানি দূতাবাসের কর্মকর্তাকে সুইডেন ছাড়ার নির্দেশ
ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে সুইডেন ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ইরানের রাষ্ট্রদূতকে তলব করে বিষয়টি জানানো হয়েছে।
সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্টকহোমে অবস্থিত ইরানি দূতাবাসের ওই কর্মকর্তাকে দেশ ছাড়তে বলা হয়েছে। তবে ঠিক কোন কর্মকাণ্ডের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।
সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ওই কর্মকর্তার কর্মকাণ্ড ছিল কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
এ বিষয়ে সুইডেনের বিচারমন্ত্রী গুনার স্ট্রোমার বলেছেন, ইরান সুইডেনের ভেতরে এবং সুইডেনের বিরুদ্ধে এমন কিছু কর্মকাণ্ড চালিয়েছে, যা দেশটির নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে।
তিনি বলেন, এসব কর্মকাণ্ডের লক্ষ্য ছিল ইরান সরকারের বিরোধীদের পাশাপাশি সুইডেনে থাকা বিভিন্ন ইহুদি ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান।
স্ট্রোমারের অভিযোগ, এসব কর্মকাণ্ডের ক্ষেত্রে অপরাধী চক্রের সদস্যদেরও ব্যবহার করা হয়েছে।
এর আগে সুইডেনের নিরাপত্তা সংস্থা সাপো অভিযোগ করেছিল, ইরান সুইডেনে ইসরায়েলি ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে সহিংস কর্মকাণ্ড চালানোর জন্য অপরাধী চক্রের সদস্যদের নিয়োগ করেছে।
তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।
ইরানি দূতাবাসের কর্মকর্তাকে বহিষ্কারের এই সিদ্ধান্তের ফলে সুইডেন ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
