পরিমাপে কারচুপি, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
পটুয়াখালীর কলাপাড়ায় অনিয়মের অভিযোগে দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ফিলিং স্টেশনের তিনটি মেশিনে পরিমাপে অনিয়ম ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রহমতপুর এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশন এবং বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত পলাশ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এসময় বিএসটিআই পরিদর্শক ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের বিভিন্ন মেশিন পরীক্ষা করে সেগুলো সঠিকভাবে ক্যালিব্রেশন করা এবং প্রয়োজনীয় লাইসেন্স নবায়ন করা অবস্থায় পাওয়া যায়। তবে পলাশ ফিলিং স্টেশনের তিনটি মেশিনে পরিমাপে অনিয়ম ধরা পড়ে। পরে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় ফিলিং স্টেশন দুটির পরিমাপযন্ত্র, লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, পলাশ ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার জ্বালানিতে গড়ে ১৪০ থেকে ১৬০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এ কারণে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জ্বালানি তেল বিক্রিতে পরিমাপে কারচুপি কিংবা অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আসাদুজ্জামান মিরাজ/এসআর


