ডেঙ্গুতে হার মানলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা নুর জাহান
ডেঙ্গু আক্রান্ত হয়ে নুর জাহান নামের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার গর্ভে থাকা অনাগত শিশুটিও মারা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নুর জাহানের স্বামী জোবায়ের হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
নুর জাহান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগাড়া গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে নুর জাহানের বিয়ে হয়। আগামী অক্টোবরে তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। শুক্রবার (১১ সেপ্টেম্বর) হঠাৎ করে নুর জাহানের জ্বর আসে। এরপর নানা শারীরিক সমস্যা দেখা দিলে তাকে কুমিল্লায় চিকিৎসা দেওয়া হয়। পর্যায়ক্রমে পরিস্থিতির উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নুর জাহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, আমার ছাত্রী নুর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিল। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সে অংশগ্রহণ করতো। সে অনেক সৃজনশীল ছিল। তার মৃত্যু সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঁইয়া বলেন, একজন মেধাবী ছাত্রীর অকালমৃত্যু সত্যিই দুঃখজনক। আমরা কলেজ পরিবার নুর জাহানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
জাহিদ পাটোয়ারী/এসআর


